নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যানজট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই ক্যামেরাসহ আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। একই সঙ্গে গণপরিবহনের চাপ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিকল্পনার কথা জানান।
সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। যানবাহনের দীর্ঘ সারিতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে। শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির ট্রাফিক ব্যবস্থাপনা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকার প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে একই প্রযুক্তি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে। বিভিন্ন এলাকায় নতুন সিগন্যাল লাইট বসানো হলেও সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, নতুন প্রযুক্তি কার্যকর হলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে। বিশ্বের বড় শহরগুলোতেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর সময় এবং ছুটির সময়ে যানজট দেখা যায়। তবে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ভোগান্তি কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।
যানজট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল সম্প্রসারণের কথাও জানান প্রধানমন্ত্রী। বর্তমানে কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যাতায়াত সহজ করতে মনোরেল চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, মনোরেল তুলনামূলক কম জায়গা ব্যবহার করে নির্মাণ ও পরিচালনা করা সম্ভব। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের সড়কগুলোতেও এ পরিবহনব্যবস্থা চালুর সুযোগ রয়েছে।
সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর সড়কনির্ভর যাতায়াতের চাপ কমানোর পাশাপাশি গণপরিবহনে নতুন বিকল্প তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

