আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত ঘোষণা করবে দলটি। পাশাপাশি আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতা ও দেশের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদে আগামী ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ারের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৭০ শতাংশ মানুষের মতামত অগ্রাহ্য করায় ফ্যাসিবাদবিরোধী জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।

গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, একটি নির্বাচিত সরকারের সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। দেশের বিভিন্ন স্থানে যা ঘটছে, তাতে অনেকের মনেই সরকার কার্যকরভাবে দায়িত্ব পালন করছে কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে।

প্রতিবেশী দেশ প্রসঙ্গে তিনি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে দেশটি প্রথমে অপরাধ করেছে। এখন তাকে ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান পাঠানোর কথা বলা হচ্ছে। এ ধরনের বক্তব্যেরও তীব্র নিন্দা জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত সেক্রেটারি। তার দাবি, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করছেন। তিনি মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

গোলাম পরওয়ার আরও বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা প্রয়োজন।

প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা এখনো অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ